রুশ হামলায় বিপর্যস্ত ইউক্রেন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাচ্ছেন জেলেনস্কি

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৯:৩২ পিএম

রাশিয়ার নতুন দফার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত ৯ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। হামলার পর পশ্চিমা দেশগুলোর প্রতি আবারও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) রাতভর রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের হামলা চালায়। হামলায় চার শিশুসহ অন্তত ৯ জন নিহত হন।

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়া ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও এর মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। জেলেনস্কি বলেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের ঘাটতির কারণেই প্রাণঘাতী এসব হামলা ঠেকানো যাচ্ছে না।

তিনি বলেন, 'আমাদের প্যাট্রিয়ট ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের অভাব রয়েছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম এসব প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ঘাটতিই রাশিয়াকে আরও প্রাণঘাতী হামলায় উৎসাহিত করছে।'

জেলেনস্কির এ আহ্বানের কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনুমতি দেওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।

হামলায় কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় একটি পাঁচতলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধারকাজ চলাকালে দ্বিতীয় দফা হামলায় ২২ বছর বয়সী এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে গত ২৪ ঘণ্টায় মোট অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, একই রাতে মস্কো অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ইউক্রেনের ছোড়া ২৭৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র: সিএনএন

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত