যুক্তরাষ্ট্রের কাছে থাকা মোট ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মাত্র ১০ শতাংশ কিনতে পারলে রাশিয়ার সব ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শতভাগ ধ্বংস ও প্রতিরোধ করা সম্ভব বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সিএনএন-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ও মিত্রদের কাছ থেকে আরও ক্ষেপণাস্ত্র জোগাড় করতে তার দিন কাটছে অগণিত ফোন কল এবং গোপন নানা চুক্তির দরকষাকষিতে।
ইউক্রেনে বর্তমানে প্যাট্রিয়টের মজুদ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। আর এই সুযোগে সম্প্রতি রাজধানী কিভসহ অন্যান্য শহরের ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র আক্রমণ অনেক বেড়ে গেছে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্ট করে বলেন, “২০২৫ সালের তুলনায় এ বছর আমাদের কাছে প্রায় আড়াই গুণ কম ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র রয়েছে, যেখানে রাশিয়া তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের চেয়ে দ্বিগুণ করেছে।
আমেরিকা যদি তাদের মোট ইন্টারসেপ্টর মজুদের মাত্র ৫ শতাংশ আমাদের কাছে বিক্রি করে, তবে আমরা আসন্ন পুরো শীতকাল পার করে সাধারণ মানুষের জীবন রক্ষা করতে পারব। আর যদি ১০ শতাংশ দেয়, তবে আমরা রাশিয়ার সমস্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেব। বর্তমানে আমাদের কাছে প্রয়োজনীয় অস্ত্রের মাত্র ১ শতাংশ রয়েছে।”
মার্কিন সেনার বিরুদ্ধে ইউক্রেনীয় ড্রোনের বড় সাফল্য
'৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে'