চিকিৎসকের মৃত ঘোষণা, অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে জেগে উঠলেন রোগী

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

ভারতের উত্তর প্রদেশে এক অবাক করা ঘটনায় ব্রেন ডেড ঘোষণা করা এক নারী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আবার শ্বাস নিতে শুরু করেছেন। পরিবারের সদস্যরা ঘটনাটিকে অলৌকিক বলে দাবি করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিনীতা শুক্লা নামের ৫০ বছর বয়সী ওই নারী উত্তর প্রদেশের পিলিভিট এলাকার বাসিন্দা। গত ২২ ফেব্রুয়ারি বাড়ির কাজ করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়লে তাকে দ্রুত বেরেইলি শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে এবং তিনি কার্যত ব্রেন ডেড অবস্থায় আছেন।

চিকিৎসকদের এমন ঘোষণায় পরিবার ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ২৪ ফেব্রুয়ারি তাকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। তার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, তখন বিনীতা শ্বাস নিচ্ছিলেন না, শুধু খুব দুর্বলভাবে হৃৎস্পন্দন চলছিল।

এ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাকে বাড়িতে নেওয়ার সময় বেরেইলি-হরিদ্বার মহাসড়ক-এর হাফিজগঞ্জ এলাকায় একটি বড় গর্তে পড়লে গাড়িটিতে তীব্র ঝাঁকুনি লাগে।

ঠিক সেই ধাক্কার পরই হঠাৎ স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন বিনীতা। বিষয়টি দেখে পরিবারের সদস্যরা বিস্মিত হয়ে যান এবং শেষকৃত্যের সব প্রস্তুতি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেন।

এরপর তাকে দ্রুত নিউরোসিটি হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে নতুন করে চিকিৎসা শুরু করেন।

চিকিৎসকদের মতে, প্রয়োজনীয় পরীক্ষা ও সঠিক চিকিৎসার ফলে তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয়েছে এবং এক দিনের মধ্যেই তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন।

ঘটনাটিকে তার স্বামী মৃত্যুকে জয় করা বলে অভিহিত করেছেন। সূত্র: গালফ নিউজ

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত