বয়স মাত্র ১১ বছর। এই বয়সে যেখানে বেশিরভাগ শিশু ভিডিও গেইম বা সাইকেল চালানো নিয়ে ব্যস্ত থাকে, সেখানে ঋষি শর্মা নামে এক খুদে বৈমানিক মাঝ আকাশে দাপিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি তার বিমান চালানোর একটি প্রশিক্ষণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
ভাইরাল হওয়া ক্লিপটিতে দেখা যায়, ক্যালিফোর্নিয়ার অক্সনার্ড বিমানবন্দরের রানওয়েতে একটি ছোট বিমান নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ‘টাচ অ্যান্ড গো’ (Touch and Go) ম্যানুভার সম্পন্ন করছে ঋষি। প্রশিক্ষকের কড়া নজরদারিতে সে বিমানটিকে আলতো করে রানওয়েতে স্পর্শ করায় এবং না থেমেই আবার গতি বাড়িয়ে উড্ডয়ন করে। তার এই নিখুঁত দক্ষতা দেখে পাশে থাকা প্রশিক্ষকও প্রশংসা করে বলেন, ‘ভেরি গুড ল্যান্ডিং’।
জানা গেছে, ঋষি মাত্র সাত বছর বয়স থেকেই পাইলট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছে। বিমানে কন্ট্রোল প্যানেল সামলানো, ফ্ল্যাপ অ্যাডজাস্ট করা এবং বাতাসের গতি বুঝে বিমান ওড়ানোর ক্ষেত্রে তার যে স্থিরতা, তা অনেক পেশাদার পাইলটকেও অবাক করেছে।
ভিডিওটি শেয়ার হওয়ার পর নেটিজেনরা ঋষির প্রশংসায় পঞ্চমুখ। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এই শিশুটি অনেক বড়দের গাড়ি চালানোর চেয়েও ভালো বিমান চালায়।’ অন্য একজন লিখেছেন, ‘ওর আত্মবিশ্বাস আর টেকনিক দেখে বোঝার উপায় নেই যে ও এতো ছোট।’ অনেকে আবার স্কুলে পাঠ্যবইয়ের পাশাপাশি এমন বাস্তবমুখী দক্ষতা শেখানোর ওপর জোর দিয়েছেন।
তবে আইন অনুযায়ী, বাণিজ্যিক পাইলট লাইসেন্স (CPL) পেতে হলে ঋষিকে ১৮ বছর হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বর্তমানের এই প্রশিক্ষণগুলো মূলত তাকে বিমানের যন্ত্রপাতির সাথে পরিচিত করা এবং প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, অল্প বয়স থেকে এমন প্রশিক্ষণ শিশুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মনোযোগ বৃদ্ধি করতে দারুণ সাহায্য করে।
সন্তানকে প্রথমবার কোলে নিতে গিয়ে কাঁপছে বাবার হাত! ভিডিও ভাইরাল
