আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরণের পতন লক্ষ্য করা গেছে। শক্তিশালী মার্কিন ডলারের দাপট এবং মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার প্রভাবে সোমবার (১৩ এপ্রিল) সোনার দাম কমে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। দিনের শুরুতেই এটি ৭ এপ্রিলের পর সর্বনিম্ন দরে পৌঁছায়। অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা থমকে গেছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলার শক্তিশালী হয়েছে এবং তেলের দামও ১০০ ডলার ছাড়িয়েছে। তেলের দাম বাড়লে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়াতে পারে-এমন আশঙ্কায় সোনার ওপর চাপ বাড়ছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ববাজারে সোনার দাম প্রায় ১১ শতাংশ কমেছে।
সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী। রুপার দাম ২.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪.২৩ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ০.৫ শতাংশ কমলেও প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫.৭৭ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় পতন, দেশেও কমার ইঙ্গিত
