'যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে লেবাননও থাকবে'

আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর সংসদ সদস্য হাসান ফাদলাল্লাহ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো শান্তি চুক্তির প্রভাব লেবাননের ওপরও পড়বে এবং সেই চুক্তিতে দেশটি অন্তর্ভুক্ত থাকবে, সরকার তা মেনে নিক বা না নিক।

বৈরুতের আল-জানাহ এলাকায় হিজবুল্লাহর নিহত যোদ্ধাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি লেবানন সরকারের সরাসরি ইসরায়েল-আলোচনার সমালোচনা করেন। তার অভিযোগ, এসব আলোচনার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয়নি এবং স্থানীয় জনগণ কোনো বাস্তব স্বস্তি পায়নি।

ফাদলাল্লাহ বলেন, 'আমরা এমন একটি রাজনৈতিক প্রশাসনের ওপর আস্থা রাখতে পারি না, যারা একের পর এক ছাড় দিয়ে যাচ্ছে, অথচ দেশের সামনে কোনো কার্যকর রাজনৈতিক বিকল্পও উপস্থাপন করতে পারছে না।'

তবে তিনি কূটনৈতিক প্রচেষ্টার পুরোপুরি বিরোধিতা করেননি। তার ভাষায়, শক্তির অবস্থান থেকে পরিচালিত পরোক্ষ আলোচনার প্রতি হিজবুল্লাহর আপত্তি নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, লেবানন সরকার এমন বিষয় নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে, যা বাস্তবে বাস্তবায়ন করার সক্ষমতা তাদের নেই।

এর আগে চলতি মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতি বাস্তবায়নে সম্মত হয়েছিল। সেই চুক্তিতে হিজবুল্লাহর হামলা সম্পূর্ণ বন্ধের কথাও উল্লেখ ছিল।

তবে ফাদলাল্লাহ স্পষ্ট করে বলেন, দক্ষিণ লেবাননকে লক্ষ্য করে চলমান হামলার মুখে 'প্রতিরোধ, দৃঢ়তা ও ত্যাগের পথেই' এগিয়ে যাওয়ার বিকল্প তারা দেখছেন না। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন