জবি ক্যাফেটেরিয়ায় পানির সংকট নিরসনে উদ্যোগ আস-সুন্নাহ ফাউন্ডেশনের

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিনের খাবার পানির সংকট নিরসনে প্রায় তিন লাখ টাকা মূল্যের আধুনিক পানির ফিল্টার দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফিল্টারটি প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে সক্ষম। আগামী দুই দিনের মধ্যে এর স্থাপনকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একমাত্র কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার পানির সংকট রয়েছে। শিক্ষার্থীদের পানির চাহিদা মেটাতে এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে একটি ফিল্টার স্থাপন করা হলেও বিপুলসংখ্যক শিক্ষার্থীর তুলনায় সেটি পর্যাপ্ত ছিল না। এর মধ্যে ক্যাফেটেরিয়ায় থাকা পুরোনো ফিল্টারগুলো অকেজো হয়ে পড়ায় পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে।

এ অবস্থায় শিক্ষার্থীদের পানির সমস্যা সমাধানে এগিয়ে এসেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সংগঠনটির পক্ষ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের উচ্চক্ষমতাসম্পন্ন একটি আধুনিক ফিল্টার দেওয়া হয়েছে। এটি প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে পারবে। ফিল্টারটি চালু হলে ক্যাফেটেরিয়ায় খাবার পানির সংকট অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ক্যাফেটেরিয়ায় পানির সমস্যা দীর্ঘদিনের। শিক্ষার্থীদের পানির চাহিদা পূরণে আগে একটি ফিল্টার স্থাপন করা হলেও শিক্ষার্থীর সংখ্যার তুলনায় সেটি যথেষ্ট ছিল না। পাশাপাশি পুরোনো ফিল্টারগুলো অকেজো হয়ে যাওয়ায় সমস্যা আরও বেড়েছিল।

তিনি বলেন, এ সমস্যা সমাধানে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রায় তিন লাখ টাকা মূল্যের বড় সক্ষমতার একটি ফিল্টার দিয়েছে। এটি প্রতি ঘণ্টায় ৫০০ লিটার পানি পরিশোধন করতে পারবে। আগামী দুই দিনের মধ্যে ফিল্টারটির স্থাপনকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই দূর হবে।

রিয়াজুল ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

ফিল্টারটি স্থাপনের পর কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী বিশুদ্ধ খাবার পানি পাওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত