বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারকে বিরোধী দলের পক্ষ থেকে বারবার পরামর্শ ও প্রস্তাব দেওয়া হলেও সরকার তাতে কোনো গুরুত্ব দেয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, চলমান সংকট নিরসনে বিরোধী দল নিজেদের অর্থায়নে বিশেষজ্ঞ নিয়োগ করে তাঁদের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে তুলে দিয়েছে। কিন্তু সরকার এসব প্রস্তাব আমলে নেয়নি। জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়; তবে সরকার শুধু বিরোধিতার জন্যই বিরোধী দলের বিরোধিতা করছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহে সাংগঠনিক সফরকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
সংসদের বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা সরকারকে সহযোগিতা করছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিরোধী দলে বসার পর বিভিন্ন সময়ে বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারকে অন্তত ৩৮টি প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যেই এসব প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জামায়াতসহ বিরোধী দলের কোনো প্রস্তাবই সরকার এখন পর্যন্ত গ্রহণ করেনি। তাই বিরোধী দল অসহযোগিতা করছে সরকারের এমন অভিযোগ হাস্যকর।
বিএনপির সঙ্গে জামায়াতের অতীত রাজনৈতিক সম্পর্ক প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, বিএনপি অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে মোকাবিলা এবং দেশের কল্যাণের কথা বিবেচনা করে পাঁচ বছর বিএনপিকে সমর্থন দিয়েছিল জামায়াত। এর আগে ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলেও জামায়াত তাদের সহযোগিতা ও সমর্থন দিয়েছিল।
তিনি অভিযোগ করেন, সরকার গঠনের পর বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকাসহ রাজশাহী ও খুলনায় জামায়াতের কর্মীরা নিহত হয়েছিলেন। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, জামায়াত বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছে। কিন্তু এখনো বিএনপি জামায়াতের বিরোধিতা করছে। বিরোধিতা করার জন্যই বিরোধিতা করা হচ্ছে বলে মন্তব্য করে তিনি বিএনপির বর্তমান অবস্থানকে ‘নেই কাজ তো খই ভাজ’ প্রবাদের সঙ্গে তুলনা করেন।
সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা আরও বলেন, বিএনপি অভিযোগ করছে, জামায়াত আওয়ামী লীগকে মাঠে নামতে ইন্ধন দিচ্ছে। অথচ সরকার, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকার পরও রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিছিল করেছে এটি কীভাবে সম্ভব, সেই প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে বা কোনো ধরনের ইন্ধন ছাড়া এমন কর্মসূচি পালন করা সম্ভব কি না, সেটি সরকারকেই ব্যাখ্যা করতে হবে। আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের তথ্য থাকলে তা প্রকাশ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কাপাসিয়ায় ৪০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
সোলার পাম্পে কমছে সেচ খরচ, বাড়ছে কৃষকের আয়