ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিসা-সংক্রান্ত এক পোস্টে এ সতর্কতা জানানো হয়।
পোস্টে বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় কত দিন অবস্থান করা যাবে এবং কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত অভিবাসন কর্মকর্তা।
দূতাবাস জানায়, কেউ যদি অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন কিংবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কার্যক্রমে জড়িত হন, তাহলে ভবিষ্যতে তার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সঠিকভাবে ভিসা ব্যবহার করা ভিসাধারীর দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে।
যে দুর্ঘটনা বদলে দেয় মাসুদ পেজেশকিয়ানের পুরো জীবন