মোহসেন রেজাইকে লেখা ভ্যান্সের চিঠিতে যে চারটি বিষয় গুরুত্ব পেলো

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসানে নতুন করে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তা তেহরানের গ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন ইরানের সাবেক পরমাণু আলোচক হোসেইন মুসাভিয়ান।

শুক্রবার (৩০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুসাভিয়ান বলেন, যুদ্ধের শুরু থেকেই ভ্যান্স এর বিরোধিতা করে আসছেন। এছাড়া ইসলামাবাদ সমঝোতা স্মারক তৈরিতেও তিনি ব্যাপকভাবে কাজ করেছেন। তার মতে- তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন সম্পর্কে নিজের বিশ্লেষণের ভিত্তিতে মুসাভিয়ান জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাইকে লেখা ভ্যান্সের চিঠিতে চারটি বিষয় গুরুত্ব পেয়েছে। বিষয়গুলো হলো- উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে অবিলম্বে সরাসরি আলোচনা শুরু করা, দুই দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া, ইরানের অর্থনৈতিক পুনর্গঠন ও সার্বভৌমত্বের বিষয়টিকে দেশটির প্রধান স্বার্থ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেটি নিশ্চিত করা, যা ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।

মুসাভিয়ানের মতে, নতুন করে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষে জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অথবা মোহসেন রেজাই সবচেয়ে উপযুক্ত আলোচক হতে পারেন। তিনি উভয় দেশকে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তীকালীন নির্বাচনের আগেই প্রথম বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত