তেহরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এক শীর্ষ ইরানি নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে সরাসরি বৈঠকের কথা ভাবছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন ও মধ্যপ্রাচ্যের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তার বরাতে প্রভাবশালী সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
তবে ওয়াশিংটনের এই আগ্রহের বিপরীতে ভিন্ন সুর শোনা গেছে তেহরানের কণ্ঠে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব মোহসেন রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই।
এদিকে হোয়াইট হাউসের ভেতরের কূটনৈতিক সমীকরণেও বড় পরিবর্তনের আভাস মিলেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টায় এখন নিজেই মূল ভূমিকা পালন করছেন ভ্যান্স।
অন্যদিকে, জুনের সমঝোতা স্মারক নিয়ে ব্যক্তিগতভাবে অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা তৈরিতে ভ্যান্সের সক্রিয় ভূমিকা ছিল। ট্রাম্পের মতে, ওই পদক্ষেপটি একটি ভুল সিদ্ধান্ত ছিল; কারণ এর সুযোগ নিয়ে ইরান অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং তেল বিক্রি করে রাজস্ব আয় করতে পেরেছে।
একই সময়ে প্রশাসনের শীর্ষ অন্য কর্মকর্তারা ইরানের বিষয়ে কঠোর অবস্থানেই অনড় রয়েছেন। দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তেহরান নমনীয় না হওয়া পর্যন্ত দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা বজায় রাখার পক্ষেই জোরালো সমর্থন দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এনসিপি নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা হামলা