তেল চোরাচালান ও পাইপলাইন থেকে জ্বালানি চুরি ঠেকাতে বিশেষ বাহিনী গঠন করেছে ইরাক। দেশটির জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা জোরদার করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। এরই মধ্যে তেল পরিবহন পাইপলাইনে অবৈধ হস্তক্ষেপের ঘটনা ৯০ শতাংশ পর্যন্ত কমেছে বলে দাবি করেছেন ইরাকের জ্বালানি পুলিশ বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল হামিদ আল-হুসেইনি।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শুধু অপরিশোধিত তেল পরিবহনের পাইপলাইন নয়, দেশজুড়ে বিস্তৃত পুরো পাইপলাইন নেটওয়ার্কই চোরাচালান ও নাশকতার ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, সম্প্রতি বসরা প্রদেশে পাইপলাইনে অবৈধ হস্তক্ষেপের কয়েকটি চেষ্টা শনাক্ত করা হয়েছে। আধুনিক সেন্সর প্রযুক্তি এবং পুরোনো ভালভগুলোর ওপর নজরদারির মাধ্যমে এসব তৎপরতা ধরা সম্ভব হয়েছে।
তেল চুরি ও চোরাচালান ঠেকাতে দক্ষিণাঞ্চলে আলাদা একটি বিশেষ বাহিনী গঠন করা হয়েছে। বাহিনীটি সরাসরি তাঁর অধীনে কাজ করছে। মরুভূমি এলাকায় টহল দিয়ে বিস্তৃত পাইপলাইন নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান দায়িত্ব।
এরই মধ্যে ধি কার প্রদেশের সাব্বা তেলক্ষেত্রে অবৈধ ভালভ স্থাপন করে তেল চুরির তিনটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বাহিনীটি।
গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে কমান্ডো মোতায়েন
জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা পুনর্গঠনের অংশ হিসেবে কমান্ডো বাহিনীর সদস্যদের নতুন করে দায়িত্ব বণ্টনের নির্দেশ দিয়েছেন হামিদ আল-হুসেইনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরাসরি নিয়ন্ত্রণে রেখে এসব সদস্যকে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে দ্রুত মোতায়েনযোগ্য সহায়তা বাহিনী হিসেবে ব্যবহার করা হবে।
এর আওতায় উত্তর ও দক্ষিণ রুমাইলা, সাব্বা, গাররাফ এবং আহদাব তেলক্ষেত্রের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জ্বালানি পুলিশ বিভাগের মহাপরিচালক জানান, প্রতিদিন হাজার হাজার অভিযান পরিচালনা করছেন তাদের সদস্যরা। বিশাল এলাকাজুড়ে বিস্তৃত তেলক্ষেত্রগুলোতে কাজ করতে হয় নিরাপত্তাকর্মীদের। কোনো কোনো ক্ষেত্রে এসব এলাকার বিস্তৃতি ৪০ কিলোমিটার পর্যন্ত।
তবে দায়িত্বের পরিধি বাড়লেও জনবল সংকট রয়েছে বলে স্বীকার করেছেন তিনি। এ সংকট কাটাতে অন্তত পাঁচ হাজার চুক্তিভিত্তিক পদ তৈরির দাবি জানিয়েছেন হামিদ আল-হুসেইনি। তাঁর মতে, প্রয়োজনীয় জনবল নিশ্চিত করা গেলে নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা শতভাগে উন্নীত করা সম্ভব হবে।
পাইপলাইনে নাশকতা কমেছে ৯০ শতাংশ
তেল পরিবহন পাইপলাইনে অবৈধ হস্তক্ষেপের ঘটনা ৯০ শতাংশ পর্যন্ত কমেছে বলে জানিয়েছেন ইরাকের এই নিরাপত্তা কর্মকর্তা।
তিনি বলেন, তেল অবকাঠামোর আশপাশে নিষিদ্ধ এলাকা ঘোষণা, রাতে বিশেষ বাহিনীর টহল, নজরদারি ক্যামেরা স্থাপন এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাইপলাইন কোম্পানির পরিচালক আলী আল-মুসাওয়ির সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রয়োজনে সরাসরি তেলমন্ত্রীর সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।
এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪২০টির বেশি তেলবাহী ট্যাংকার ট্রাক জব্দ করেছে নিরাপত্তা বাহিনী। এসব যানবাহনের বিরুদ্ধে অনুমোদনহীন পরিবর্তন আনা কিংবা নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ রয়েছে।
এ ধরনের অপরাধ নজরদারিতে দেশজুড়ে ২৬টি বিশেষায়িত পুলিশ কেন্দ্র কাজ করছে। চোরাচালান-সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রমের জন্য একজন নির্দিষ্ট বিচারকও দায়িত্ব পালন করছেন।
২০০৮ সালের ৪১ নম্বর তেল ও তেলজাত পণ্য চোরাচালানবিরোধী আইন এবং এর সংশ্লিষ্ট বিধিমালা কার্যকরভাবে প্রয়োগ করা গেলে অবৈধ তেল বাণিজ্য পুরোপুরি বন্ধ করা সম্ভব বলে মনে করেন হামিদ আল-হুসেইনি।
জুরফ আল-নাসর থেকে তেল পাচার, তদন্ত কমিটি গঠন
এদিকে জুরফ আল-নাসর এলাকা থেকে তেল চোরাচালানের অভিযোগ তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ইরাকের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি।
ইরাকি নিউজ এজেন্সিকে দেওয়া তথ্য অনুযায়ী, ওই এলাকা থেকে তেল পাচারের ঘটনাগুলো বিস্তারিতভাবে তদন্ত করবে কমিটি। এ জন্য প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
তেল চোরাচালান বন্ধে বিশেষ বাহিনী গঠন, পাইপলাইনে নজরদারি বৃদ্ধি এবং জুরফ আল-নাসরের পাচার কার্যক্রম তদন্ত-সব মিলিয়ে ইরাকের জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা জোরদারে নতুন করে তৎপর হয়েছে দেশটির সরকার।
সূত্র: ইরাকি নিউজ এজেন্সি
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী: আব্বাস আরাগচি
এবার ইউরোপের মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি ইরানের
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিত করলো ইরান
পরাজয় থেকে শিক্ষা না নিলে শত্রুকে আরও বড় শিক্ষা দেওয়া হবে: আইআরজিসি প্রধান