বাহরাইনে মার্কিন বিমান প্রতিরক্ষা রাডারে ছয় ড্রোনে আইআরজিসির হামলা 

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১১:৪১ এএম

বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (১৫ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের মেহের নিউজ এজেন্সি (এমএনএ)। আইআরজিসির জনসংযোগ দপ্তরের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের বিভিন্ন এলাকায় মার্কিন রাডারে হামলার শব্দ শোনা গেছে।

আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে যুক্তরাষ্ট্রের পাহারা দেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালি এখনো জাহাজ চলাচলের জন্য বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালালে আরও কঠোর জবাব দেওয়া হবে।’

এর আগে গত ১৩ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার ধ্বংসের দাবি করেছিল আইআরজিসি। ইরানের সিরিক এলাকায় একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার পাল্টা জবাব হিসেবে ওই অভিযান চালানো হয় বলে দাবি করে সংগঠনটি।

আইআরজিসির ২২ নম্বর বিবৃতিতে বলা হয়েছিল, তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইন দ্বীপে অবস্থিত মার্কিন আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে সেটি ধ্বংস করেছে। ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন অব্যাহত থাকলে সীমাহীন জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছিল তারা।

তবে ১৩ নভেম্বরের কথিত হামলা এবং রোববারের ছয় ড্রোনের হামলা একই স্থাপনা বা একই রাডারকে লক্ষ্য করে চালানো হয়েছে কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকেও এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এমএজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত