লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছি: জেলেনস্কি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

পূর্ব লিবিয়ার উপকূলে রুশ যুদ্ধজাহাজ মারকুরিতে হামলার দায় স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ৭টি সামুদ্রিক ড্রোন ব্যবহার করে মারকুরি ডুবিয়ে দিয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা সেই বিবৃতিতে জেলনস্কি আরও বলেছেন, রোববার লিবিয়ার উপকূলে যুদ্ধজাহাজ মারকুরিকে ডুবিয়ে দেওয়ার পাশপাশি এমভি আঙ্গারা নামে একটি রুশ কার্গো জাহাজে আঘাত হেনেছে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন এবং একই দিনে রাশিয়ায় রুশ সেনাবাহিনীর একটি কা-১৭ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস করেছে।

এমভি আঙ্গারা রুশ বাহিনীর অস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত হতো বলে টেলিগ্রাম-বিবৃতিতে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় মারকুরিতে ড্রোন হামলার তথ্য স্বীকার করলেও এমভি আঙ্গারা ও সামরিক হেলিকপ্টারে আঘাতের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত অভ্যুত্থানে দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই লিবিয়া বিভক্ত হয়ে পড়েছে। বর্তমানে লিবিয়ার পশ্চিমাঞ্চল ত্রিপোলি-ভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি'-এর নিয়ন্ত্রণে রয়েছে; আর পূর্বাঞ্চল রয়েছে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রণে, তার নেতৃত্বাধীন বাহিনী ‘লিবিয়ান ন্যাশনাল আর্মি’-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে রাশিয়ার।

রোববারের এই হামলার পর পূর্ব লিবিয়া সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের কাছে এ ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, “লিবিয়ার পশ্চিমাঞ্চল থেকে এসব ড্রোন ছোড়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। পাশাপাশি, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি আছে কি না, তা যাচাই করা এবং কিয়েভের কাছে তাদের কর্মকাণ্ড সম্পর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাই আমরা।”

এএইচএ
আরও পড়ুন