রাজধানীতে মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:২৯ পিএম

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আরা বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালীর আইসিডিডিআরবি (icddr,b) ভবনের সামনে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতা-কর্মী জড়ো হন। পরে তারা মহাখালী বাস টার্মিনালের দিকে একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি টার্মিনাল এলাকায় পৌঁছালে তাদের সাথে মহিলা লীগের কয়েকজন কর্মীও যোগ দেন। একপর্যায়ে মিছিলকারীরা আতঙ্ক সৃষ্টি করতে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে একটি ঝটিকা মিছিল বের করে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

SN
আরও পড়ুন