রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মিজানুর রহমান (৪২) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এর আগে দুপুরে গুলিস্তান বাস স্টেশন নারায়ণগঞ্জ রোডের রজনীগন্ধা পরিবহন থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
নিহত মিজানুর রহমান নোয়াখালী জেলার চাটখিল উপজেলার আবুল খায়েরের ছেলে। বর্তমানে সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন।
নিহতের ছোট ভাই মাইনউদ্দিন জানিয়েছেন, তার ভাই নিউ মার্কেট এলাকায় নুর ম্যানশন মার্কেটে কাপড়ের ব্যবসা করেন। ভাই মিজানুর রহমান দুপুর ১২টার দিকে গুলিস্তানে এক আইনজীবীর কাছে যাচ্ছিলেন, ইনকাম টেক্সের কাজের জন্য। পরে সংবাদ পাই তিনি বাসে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে ওই পরিবহনের লোকজনের সহযোগিতায় নিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করার পর মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতি ঢামেকে মৃত্যু