রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন অপরাধে ৪২টি মামলা দায়েরের পাশাপাশি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য, বিয়ার, বিদেশি সিগারেট, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে ২৬৩ জন, তেজগাঁও বিভাগে ১৯৬ জন, ওয়ারী বিভাগে ৯২ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, গুলশান বিভাগে ৪২ জন, লালবাগ বিভাগে ৪০ জন, উত্তরা বিভাগে ৪০ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজন রয়েছেন।

অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ছাড়া ২২ কেজি ৮৯৬ গ্রাম গাঁজা, ১৭০টি ইয়াবা, ৬ হাজার ১০০টি ট্যাপেন্টাডল, একটি কলকী ও ১৪৯ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।

পুলিশ আরও উদ্ধার করেছে একটি মোটরসাইকেল, ৭৯০ প্যাকেট বিদেশি সিগারেট, দেড় আনা ওজনের একটি স্বর্ণের কানের দুল, নয়টি মোবাইল ফোন এবং নগদ ৩৭ হাজার ৫৮০ টাকা। অভিযানের সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত