সেতু সংস্কারে ভোগান্তি, মহাসড়কে ১৩ কি.মি. যানজট

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৩:১০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজ চলায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। 

সোমবার (২ মার্চ) ভোর থেকে ঢাকামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহন স্থবির হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী ও চালক।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২ মার্চ) মধ্যরাত থেকে লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাইয়ের কাজ শুরু হয়। সংস্কার কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে কেবল এক লেন দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে। এর ফলে ভোরের আলো ফোটার আগেই যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা ব্রিজ হয়ে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।

সরেজমিনে দেখা যায়, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেনে শত শত যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। যেখানে স্বাভাবিক সময়ে এই পথ পাড়ি দিতে ১০ মিনিট লাগে, সেখানে আড়াই থেকে তিন ঘণ্টা পার করেও মেঘনা ব্রিজ পার হতে পারছেন না চালকরা।

ঢাকাগামী ট্রাকচালক আসাদ মিয়া জানান, সকাল ৮টায় দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই তিনি যানজটে আটকা পড়ে আছেন। স্বদেশ পরিবহনের যাত্রী নাসরিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অফিসে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কিন্তু আড়াই ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। আগে থেকে বিকল্প ব্যবস্থার ঘোষণা থাকলে এই ভোগান্তি হতো না।’

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ সংবাদমাধ্যমকে জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ চলায় নিরাপত্তার স্বার্থে এক লেন দিয়ে ধীরগতিতে গাড়ি ছাড়া হচ্ছে। আজকের মধ্যেই সংস্কার কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কাজ শেষ হলে দ্রুতই যান চলাচল স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমানে মহাসড়কের ঢাকামুখী লেনে তীব্র জট থাকলেও চট্টগ্রামমুখী লেনে যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে দীর্ঘ সময় আটকে থেকে অনেক কর্মজীবী ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স বিপাকে পড়েছে।

NB/
আরও পড়ুন