ফেনীর ফুলগাজী উপজেলায় বাবার বিরুদ্ধে দুইমাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ।
বৃহস্পতিবার (১১জুন) রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ওই শিশুর বাবা মোহাম্মদ সুলতানকে (৩০) আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কিতাব আলীর ছেলে।
জানা গেছে, অভিযুক্ত সুলতান স্ত্রী রুনা আক্তারকে নিয়ে কাজের সুবাদে ফুলগাজীতে বসবাস করেন।
রুনা আক্তারের অভিযোগ, তাঁর স্বামী শিশুটিকে আছাড় মেরে হত্যা করেছেন। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার কারণে সংসারের খরচ বহন করতেন না। প্রায়ই তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। বৃহস্পতিবার রাতেও কাজ শেষে বাসায় ফিরে সুলতান তাঁকে একটি পানীয় কিনে আনার জন্য দোকানে পাঠান। তিনি দোকান থেকে ফিরে এসে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান।
এদিকে আটক হওয়ার পর পুলিশকে জবানবন্দি দিয়েছেন সুলতান। পুলিশ জানায়, সুলতানের দাবি তিনি শিশুটিকে কোলে নিয়ে খেলছিলেন। এ সময় শিশুটি তাঁর হাত থেকে নিচে পড়ে যায়। এরপর শিশুটির কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কাপ্তাই হ্রদে পানি সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
রাঙামাটিতে আশ্রম থেকে ধর্মান্তরিত তরুণী উদ্ধার