সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফিরিয়ে দিতে প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেছেন, শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন, চাইলে আগামীকালই দেশে আসতে পারেন; দেশে ফিরলে আইন অনুযায়ী তার বিচার হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে ঢাকার শাহবাগে বসবাস করা অসহায় গোলাপী বেগমের জন্য নির্মিত বাড়ির চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার করতে চায় সরকার। এ জন্য প্রতিবেশী দেশের প্রতি শেখ হাসিনাসহ পলাতক নেতাকর্মীদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে।
এ সময় শেখ হাসিনাকে উদ্দেশ করে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ৩১ ডিসেম্বরের অপেক্ষা না করে তিনি চাইলে কালই দেশে আসতে পারেন। দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করা হবে এবং বাংলাদেশের মাটিতেই তার বিরুদ্ধে বিচার হবে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশের মানুষের অধিকার ক্ষুণ্ন ও সরকারি সম্পদ লুটপাটের অভিযোগগুলোর বিচার করা হবে। জনগণের অধিকার ও রাষ্ট্রীয় সম্পদের বিষয়ে আইনি প্রক্রিয়ায় সমাধান চায় সরকার বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রদল
রাজশাহীতে ফ্ল্যাট থেকে নারীসহ পুলিশ কর্মকর্তা আটক