নরসিংদীতে আধিপত্য বিস্তারে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ পিএম

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন।

বুধবার (৮ ডিসেম্বর) সকালে দড়িগাও দক্ষিণপাড়া এলাকায় নাজিম উদ্দীন মেম্বার গ্রুপ ও আলাল মুন্সি গ্রুপের সমর্থকদের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত থাকে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষই দেশীয় অস্ত্র-সস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় লিপ্ত হয়। ককটেল বিস্ফোরণ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে দড়িগাও এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে মামুন মিয়া গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামুন সম্প্রতি কুয়েত থেকে দেশে ফিরেছিলেন।

আহতদের মধ্যে বেলাল (৩০), আব্দুল আওয়াল (৫৫)সহ আরও অনেকে নরসিংদী সদর ও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সংঘর্ষের সময় ইউনিয়ন বিএনপির একটি কার্যালয় ভাঙচুর করা হয়। দলীয় প্রধানের ছবি, চেয়ারসহ ভেতরের আসবাবপত্র নষ্ট করে দেয় হামলাকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও দায়িত্ব পালনকারী সাংবাদিকরাও এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন। বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে বিপুল সংখ্যক সেনা সদস্য পৌঁছে এলাকায় টহল জোরদার করে।

রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষ বলেন, দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

FJ
আরও পড়ুন