হরিণাকুন্ডুতে কলাবাগান থেকে শুটারগান-দুই কার্তুজ উদ্ধার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাগআঁচড়া এলাকায় একটি পরিত্যক্ত দেশীয় শুটারগান ও দুইটি লিডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। পরে তা হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে বাগআঁচড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল। এ সময় জোড়াদহ-মধুপুর সড়কের পাশে জমারত সরদারের হলুদ-মরিচ ক্ষেতের উত্তর-পূর্ব কোণে থাকা একটি কলাবাগানে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে কলাবাগানের ভেতরে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান ও দুইটি লিডবল কার্তুজ পাওয়া যায়। এসআরবি জানিয়েছে, অস্ত্র ও কার্তুজগুলো সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল।

পরে উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ সাধারণ ডায়েরি (জিডি) মূলে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।

সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অভিযান চলছে। হত্যা, ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধে এসআরবি ফোর্সের অভিযানও অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত