জয়পুরহাটে পেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা পাচার

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১০:০৫ পিএম
জয়পুরহাটে পেটের ভেতর অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে নিয়ে আসার সময় মুকুল (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তার পেট থেকে বিশেষ প্রক্রিয়ায় ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
​শনিবার (১৮ জুলাই) দুপুরে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানাধীন ইটাখোলা বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
 
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
গ্রেপ্তারকৃত মো. মুকুল জয়পুরহাট সদর উপজেলার দক্ষিণ জামালপুর (দুধিয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস সালাম সরদারের ছেলে।
​ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলা থেকে এক ব্যক্তি অভিনব কায়দায় পেটের ভেতর নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বহন করে সিএনজিযোগে ক্ষেতলাল অভিমুখে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজার পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট বসায়।
​এ সময় সন্দেহভাজন একটি নম্বরবিহীন সবুজ রঙের সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হয়। সিএনজিতে থাকা একমাত্র যাত্রী মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এলোমেলো উত্তর দিতে থাকেন। এতে সন্দেহ আরও ঘনীভূত হলে ডিবি পুলিশ তাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত মুকুল স্বীকার করেন যে, তিনি কক্সবাজার থেকে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে নিজ জেলাসহ আশেপাশের এলাকায় খুচরা ও পাইকারীতে বিক্রির উদ্দেশ্যে পেটের ভেতর করে নিয়ে আসছিলেন।
​তার পেটের ভেতর ইয়াবার উপস্থিতি নিশ্চিত হওয়ার জন্য জয়পুরহাট পৌরসভার আমতলী সিও কলোনীস্থ 'পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার'-এ নিয়ে যাওয়া হয়।
 
সেখানে কর্তব্যরত এক্স-রে টেকনিশিয়ানের সহায়তায় আসামির এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবা ট্যাবর্তের পোটলার স্পষ্ট উপস্থিতি ধরা পড়ে। এরপর ধৃত আসামি মুকুলকে ক্লিনিকের টয়লেটে নিয়ে যাওয়া হলে তিনি নিজ হাতে তার পায়ুপথ দিয়ে একে একে ৫টি পোটলা বের করে দেন।
​ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি পোটলায় ১০০ পিস করে সর্বমোট ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। যার মোট ওজন ৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ডিজিটাল স্কেলে ওজন করে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।
MCH/AHA
আরও পড়ুন