গোসল করতে গিয়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে খালে গোসল করতে গিয়ে নিখোঁজের একদিন পর বেলি বিবি (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বেলি বিবি উপজেলার আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থলের কাছে তার জুতা, গোসলের কাপড় ও সাবান পড়ে থাকতে দেখা যায়।

শুক্রবার ভোরে বিপ্লব নামের স্থানীয় এক যুবক ওই খালে মাছ ধরতে গিয়ে পানিতে বেলি বিবির মরদেহ ভাসতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানালে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের ভাগিনা হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্বজনেরা।

বেলি বিবির স্বামী বাচ্চু সরদার জানান, তার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খালের পাড়ে তার ব্যবহৃত কাপড়, সাবান ও জুতা পড়ে থাকতে দেখেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত