শাহজালালের দানবাক্সে ডিসি সারওয়ার আলমকে নিয়ে বেনামি চিঠি

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স থেকে সদ্য প্রত্যাহারকৃত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে উদ্দেশ্য করে লেখা একটি বেনামি চিঠি উদ্ধার হয়েছে। 

সোমবার (২২ জুন) বিকেলে দানবাক্সের অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব। তিনি জানান, মাজারের তিনটি দানবাক্স (ডেগ) খুলে অর্থ গণনার সময় নগদ টাকার পাশাপাশি কয়েকটি চিঠি এবং কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে।

উদ্ধার হওয়া একটি চিঠিতে সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের প্রশংসা করে তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে মাজারের অভ্যন্তরীণ বিভিন্ন অব্যবস্থাপনা এবং এক ব্যক্তির বিরুদ্ধে মাজারের জায়গা দখল করে দোকানপাট ও বসতঘর নির্মাণের অভিযোগও উত্থাপন করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দানবাক্স থেকে পাওয়া চিঠিগুলোর বিষয়বস্তু পর্যালোচনা করা হচ্ছে। তবে চিঠির প্রেরকের পরিচয় সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খুলে অর্থ গণনা করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিপুল সংখ্যক উৎসুক মানুষ উপস্থিত ছিলেন।

চিঠি হুবহু তুলে ধরা হলো,

‘ডিসি সাহেব, আসসালামুআলাইকুম। শাহজালাল মাজারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আপনার ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটসহ সারাদেশে এমনকি বিদেশে অবস্থানরত লোকজন আপনার শুধু প্রশংসাই করছেন না। শতকরা ৯৫% মানুষ আপনার পক্ষেই আছেন। সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে দরগার কেরানি শামুন মাহমুদ খান। অর্ধেক টাকাই সে মেরে দেয়। সে কেরানি হয়েও বড়াই করে বলে সে নাকি খাদিম। এ সবই মিথ্যা। পড়াশোনা করেছে সপ্তম শ্রেণি পর্যন্ত। এখন লম্বা লম্বা কথা বলে। দরগার জায়গায় বাড়ি করেছে, দোকান পাঠ করেছে। এ সমস্ত জায়গা উদ্ধার করা একান্ত প্রয়োজন। দয়া করে দেখবেন, তাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে। সেই মূলহোতা।

একজন শুভাকাঙ্ক্ষী।’

MCH
আরও পড়ুন
সর্বশেষপঠিত