জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক সেবা আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সেবার পরিধি, পরীক্ষার ফি, আর্থিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট নীতিমালা পর্যালোচনা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় মেডিকেল সেন্টারের ডায়াগনস্টিক সেবার আওতা, বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণ এবং আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সেবাগুলো স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধবভাবে পরিচালনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
সভায় উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান অগ্রাধিকার। সাশ্রয়ী ব্যয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের আধুনিক ডায়াগনস্টিক সেবা দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়া হবে বলেও জানান তিনি।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এ ছাড়া ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুকুমার বেপারী, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. মনির হোসেন, উপ-চিকিৎসা কর্মকর্তা ডা. মিতা শবনম, আইন কর্মকর্তা অ্যাডভোকেট রঞ্জন কুমার দাস এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ সভায় অংশ নেন।
এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী
জিন্নাহর ছবি ছেঁড়া ‘তৈয়ব’ ডাকসু নির্বাচনে পেয়েছিলেন ১০ ভোট