জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে প্রথমবারের মতো ‘জেএনইউআরএইচএসএস স্টুডেন্ট পাবলিকেশন অ্যাওয়ার্ড ২০২৬’ চালু করেছে জগন্নাথ ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (জেএনইউআরএইচএসএস)। স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সড কিউ-১ জার্নালে মানসম্মত গবেষণা প্রকাশের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ সাতজন শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী এবং জেএনইউআরএইচএসএসের প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহমুদুল হাসান মিল্টনের পরিকল্পনা ও উদ্যোগে এ পুরস্কার চালু করা হয়েছে।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পুরস্কারের জন্য আবেদনকারীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী হতে হবে। স্কোপাস কিংবা ওয়েব অব সায়েন্সের এসসিআইই, এসএসসিআই অথবা ইএসসিআই-ইনডেক্সড কিউ-১ র্যাংকড জার্নালে প্রথম লেখক হিসেবে প্রকাশিত মৌলিক গবেষণা নিবন্ধই বিবেচনায় নেওয়া হবে।
২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে প্রকাশিত গবেষণাপত্রের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ সাতজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট ও তিন হাজার টাকা নগদ অর্থ দেওয়া হবে।
জেএনইউআরএইচএসএসের সভাপতি মোর্শেদুর রহমান সুজন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি বিশেষ উদ্যোগ। এর আগে বিশ্ববিদ্যালয়ে এ ধরনের গবেষণা পুরস্কার চালু হয়নি। সংগঠনের প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহমুদুল হাসান মিল্টনের ধারণা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে। এ পুরস্কার তরুণ শিক্ষার্থীদের গবেষণায় আরও আগ্রহী করবে এবং ক্যাম্পাসে গবেষণার নতুন পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রসুন দাস গুপ্ত বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উদীয়মান গবেষকদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ। যোগ্য শিক্ষার্থী গবেষকদের পুরস্কারের জন্য আবেদন করার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানিয়েছেন, আগ্রহী শিক্ষার্থী গবেষকদের আগামী ১ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে কভার লেটার, সর্বোচ্চ দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত (সিভি) এবং প্রকাশিত গবেষণাপত্রের কপি ই-মেইলে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: [email protected]।
সনদ আছে, স্থায়ী ক্যাম্পাস নেই: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কী চলছে?
গুচ্ছে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ