মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডার সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চাওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএসের নন-ক্যাডার থেকে নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় তথ্য আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে। হার্ডকপি দুই সেট করে বাহকের মাধ্যমে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
পদোন্নতির প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষকদের বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) জমা দিতে হবে। পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্র দিতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট সহকারী শিক্ষকের চাকরি সন্তোষজনকভাবে সম্পাদিত হচ্ছে—এ মর্মে প্রতিষ্ঠানপ্রধানের প্রত্যয়নপত্রও পাঠাতে বলা হয়েছে।
মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখার সব অঞ্চলের আঞ্চলিক উপপরিচালকদের এসব তথ্য ও কাগজপত্র নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
পরিবর্তন হলো একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ