তিন দফা দাবি পূরণের আশ্বাসে অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় সচিবালয়ের সামনে প্রেস ব্রিফিং এ কথা জানান অনশনরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব।
তিনি বলেন, ‘বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। এ ছাড়া অস্থায়ী আবাসনের বিষয়ে আলোচনা হবে। আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেয়া হয়েছে। তাই আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি। তবে ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে। ১৫ তারিখে সভা হবে, সেখানে সেনাবাহিনীকে কাজ হস্তান্তর করা হবে। বাণী ভবন ও হাবীবুর রহমান হলে স্টিল বেজ কাজের অনুমতি দেবে। আর ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতার বিষয়ে আলোচনা হবে।’
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গণ পদযাত্রা শুরু করে বিকেল ৫টায় সচিবালয়ের সামনে এসে অনশন শুরু করেন জবি শিক্ষার্থীরা।
জবি শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও
