আসছে ভালোবাসা দিবস। ইতোমধ্যেই এই নিয়ে ব্যস্ত সময় কাটছে শোবিজ তারকাদের। বিশেষ দিনটিতে দর্শক-শ্রোতাদের জন্য তৈরি হচ্ছে অনেক নাটক। আর তেমনি নাটকে নিজের কাজ নিয়ে ব্যস্ত বর্তমান প্রজন্মের অন্যতম অভিনেত্রী সাফা কবির।
জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে দুটি নাটকসহ এরইমধ্যে একাধিক নাটকের শুটিং শেষ করেছেন সাফা। এছাড়া ভালোবাসা দিবসের জন্য নির্মিতব্য আরও একাধিক নাটকের কাজ এখনো হাতে রয়েছে। আগামী কয়েকদিন এসব নাটকের টানা শুটিং কবেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, প্রত্যেকটি নাটকের গল্প এবং চরিত্রে রয়েছে বৈচিত্র। চেষ্টা করি দর্শকদের ব্যতিক্রমী গল্পের কাজ উপহার দিতে। আমি নিজেও গল্প এবং চরিত্রের বিষয়ে বেশ সচেতন। ভালোবাসা দিবস উপলক্ষে অনেকগুলো কাজ করছি। এটুকু বলতে পারি, প্রত্যেকটি কাজেই ভিন্নতা থাকবে। নাটকগুলোতে শুধুই যে ছেলে-মেয়ের মধ্যেই ভালোবাসা বা প্রেমের গল্প হবে এমন নয়। ভালোবাসা নানা রুপে ফিরে আসে। কখনো বন্ধু রুপে, কখনো পরিবারের ভালোবাসা হয়ে। আশাকরি, প্রত্যেকটি নাটক দর্শক সমাদৃত হবে ও তাদের প্রশংসা কুড়াবে।
নিজের ভালোবাসার কথা উল্লেখ করে এ অভিনেত্রী আরও বলেন, আমি ভালোবাসায় ও প্রেমে মজে আছি। তবে সেটি আমার কাজের সঙ্গে। অনেকেই হয়তো ভাবতে পারেন, বলার জন্যই শুধু বলছি। বিষয়টি মোটেও এমন নয়। সত্যিই এখন কাজ ছাড়া কিছুই ভাবতে পারি না। আমার পেশাকে অনেক বেশি ভালোবাসি।

