হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২৬, ০৪:৫২ পিএম

দেশে হামের সংক্রমণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দেশব্যাপী টিকাদান কর্মসূচি চললেও কোনোভাবেই থামানো যাচ্ছে না এই রোগের বিস্তার। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে সারাদেশে আরও ১২টি শিশুর মৃত্যু হয়েছে। এতে শোকের ছায়া নেমে এসেছে ভুক্তভোগী পরিবারগুলোতে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে এই উদ্বেগজনক তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়ে একজন শিশু ঢাকায় মারা গেছে। আর হামের উপসর্গে বরিশালে একজন, ঢাকায় ৫ জন, খুলনায় ১ জন, ময়মনসিংহে ১ জন, রাজশাহীতে ২ জন ও সিলেটে ১ জন মারা গেছে।

এর আগে ৪ মে হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২৭৯ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৫৭ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৪৫ হাজার ৪৯৮ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১ হাজার ৯১২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ২৮ হাজার ২৩৮ শিশু বাড়ি ফিরেছে।

গত ১৫ মার্চ থেকে দেশে ৬ হাজার ২০৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিকিৎসকদের মতে, শরীরে প্রচণ্ড জ্বর, লালচে দানা বা র‍্যাশ এবং সর্দি-কাশি হামের প্রাথমিক লক্ষণ। সময়মতো চিকিৎসা ও টিকা না নিলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষ করে পুষ্টিহীনতায় ভোগা শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে অভিভাবকদের আহ্বান জানানো হয়েছে, শিশুদের শরীরের যেকোনো অস্বাভাবিক পরিবর্তন বা জ্বরের সাথে দানা দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে। একই সাথে যারা এখনো টিকা নেয়নি, তাদের দ্রুত টিকাদান কর্মসূচির আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে।

FJ
আরও পড়ুন