নাটাইঘুড়ি
আকাশ ছোঁয়ার গল্প
হাসনাত আমজাদ
সুপুরিগাছ ভাবে
আর কতটা উপরে সে যাবে?
ডাইনে বাঁয়ে যেদিক তাকায় সবাই নিচে তারই
ভাব আসে তার, এখন আমি অনেক কিছুই পারি।
আমার চেয়ে লম্বা
শুধুই আকাশ, তারচে আমি কতটুকু কম বা।
হাত বাড়ালে কদিন পরে তাকেও ছোঁবো আমি
কী হবে আর তাকিয়ে নিচে, আমি ঊর্ধ্বগামী।
এক ছোট গাছ বলে-
সুপুরিগাছ কেন হঠাৎ নিজের মতো চলে?
আর মেশে না কারুর সঙ্গে, ধার ধারে না কারো
বদলে গেলো কেন এমন বলতে কি কেউ পারো?
কদিন আগেও হাসতো হো হো, নাচতো দুলে দুলে
কী ঘটেছে যার কারণে সব গিয়েছে ভুলে?
সেদিন বিকেলবেলা
কদিন থেকেই আকাশে মেঘ করছিল বেশ খেলা।
হঠাৎ এলো বৃষ্টি ভীষণ, ঝড় এলো তার পিছে
তীব্র ঝড়ে সুপুরিগাছ আছড়ে পড়ে নিচে।
কাতরে ওঠে যন্ত্রণাতে, ডাকতে থাকে জোরে
কোথায় আছিস বন্ধু তোরা ওরে!
দৌড়ে ছুটে আসে
সেই ছোট গাছ এবং যারা থাকতো আশপাশে।
জড়িয়ে ধরে বলে ও ভাই, ভয় পেয়ো না আছি
এই দেখো সব তোমার কাছাকাছি।
সুপুরিগাছ ভাবে
মূর্খ আমি, নইলে ভাবি আকাশ ছোঁয়া যাবে?

অসম শক্তির সন্ধানে
মালেক মাহমুদ
মঙ্গল অমঙ্গলের খেলায় বোধজাগাতে
অতবেশি কথা বলতে চাই না
যতবেশি কথা বললে মানুষ রেগে যায়
মানুষ রেগে যাক তা আমি চাই না।
তবুও আমার না-বলা কথা শুনে
মানুষ রেগে যায়!
তাই আমি কথা বলি গাছের সঙ্গে
গাছ আমার কথাগুলো হজম করে
প্রকৃতি আমার জীবন ও জীবিকার শক্তি।
মানুষ আমার কথায় প্রতিক্রিয়া দেখায়!
আমি কথা বলি পাথরের সঙ্গে
পাথর আমার মনের দুঃখ বোঝে।
আমি কথা বলি বাতাসের সঙ্গে
পানির সঙ্গে মাটির সঙ্গে
কথা বলি তার শেখানো কথা
কথা বলে বলে খাঁটি করি আমার মনোজগৎ
মনের সঙ্গে মন কথা বলে
দাপিয়ে বেড়ায় এক অনন্য ভুবনে
আমি বোবা নই বোবা হয়ে থাকি
অসম শক্তির সন্ধানে।
যতবেশি বোবা সেজে থাকবো ততই মঙ্গল।

আমার উঠোন
আখতারুল ইসলাম
এক চিলতে উঠোন আছে বাড়ির মধ্যিখানে
এই উঠোনের ভালোবাসা আমায় শুধু টানে ।
উঠোন জুড়ে রোদ চিকচিক সূর্য কত হাসে
একটি ফড়িং নেচে ওঠে নতুন দুর্বা ঘাসে।
এই উঠোনে খেলায় মাতে দোয়েল শ্যামা সুরে
স্বপ্ন আকাশ হাতছানি দেয় অনেক অনেক দূরে।
বাতাস এসে সুড়সুড়ি দেয় জামার ভাঁজে ভাঁজে
গাছের পাতা বলছে কথা আমার খুশির কাজে ।
এই উঠোনে সোনার বিকেল ঘাসের বুকে পাঠ
উঠোন যেনো ভালোবাসার এক চিলতে মাঠ ।
এই উঠোনে ইচ্ছে ঘুড়ি মেঘের পাখা ওড়ে
দু চোখ জুড়ে আনন্দ ঢেউ স্বপ্ন আসে ভোরে ।
ছবির মতো আঁকা উঠোন নকশি কাঁথা ফুলে
এই উঠোন খোস-গল্পে সব কিছু যাই ভুলে।
রাঙা উঠোন মেঘের ছায়ায় চাঁদের মিনার ওঠে
দিনের শুরু স্বপ্ন মাখা ভোরের আলো ফোটে ।
এই উঠোনে হাঁটতে শিখি এই উঠোনে খেলা
উঠোন জুড়ে নানা রঙে প্রাণের ভেতর মেলা ।
এই উঠোনে মায়ের আঁচল বাবার দুহাত ধরে
আমি যেন হচ্ছি বড়ো আলোর জীবন গড়ে।


