স্মার্ট থার্মোস্ট্যাট আনছে অ্যাপল

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম

বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ বিল কমাতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত স্মার্ট থার্মোস্ট্যাট উন্মোচন করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও স্নাইডার ইলেকট্রিক। যৌথভাবে ‘অ্যাপল হোম কালেকশন’-এর অধীনে এই স্মার্ট ডিভাইসটি বাজারে উন্মোচিত হতে যাচ্ছে।

অ্যাপল এবং স্নাইডার ইলেকট্রিক যৌথভাবে জানিয়েছে, ২০২৭ সালের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে এটি আনুষ্ঠানিকভাবে বাজারজাত করা হবে। বাজারে ডিভাইসটির মূল ইউনিটের আনুমানিক খুচরা মূল্য ধরা হয়েছে ২০০ মার্কিন ডলার (১৯৯.৯৫ ডলার)। এর পাশাপাশি কক্ষের তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য আলাদা রুম সেন্সর কেনা যাবে, যার মূল্য হবে ৪০ ডলার।

নতুন এই স্মার্ট থার্মোস্ট্যাটটির মূল আকর্ষণ হলো অ্যাপলের ‘অ্যাডাপ্টিভ টেম্পারেচার’ প্রযুক্তি। এর জন্য আলাদা কোনো থার্ড-পার্টি অ্যাপ বা অ্যাকাউন্টের প্রয়োজন হবে না; আইফোনের ‘অ্যাপল হোম’ অ্যাপের মাধ্যমেই এটি নিয়ন্ত্রণ করা যাবে। প্রযুক্তিটি আইফোনের লোকেশন ও বুদ্ধিমত্তা ব্যবহার করে বাড়ির মালিকের উপস্থিতি শনাক্ত করবে। ব্যবহারকারী বাড়িতে আছেন, বাইরে আছেন নাকি রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন—তার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে ঘর ঠাণ্ডা বা গরম করার মাত্রা নির্ধারণ করবে এটি। ফলে ব্যবহারকারীকে ম্যানুয়ালি কোনো শিডিউল সেট করতে হবে না।

বিদ্যুৎ খরচ ও বিল কমানোর বিষয়ে অ্যাপল জানিয়েছে, ডিভাইসটিতে ‘ক্লিন এনার্জি গাইডেন্স’ নামের একটি বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে। পরিবেশবান্ধব ও কম খরচের সময়ে হিটিং ও কুলিং ব্যবস্থা চালু রেখে এটি ব্যবহারকারীদের মাসিক বিদ্যুতের বিল উল্লেখযোগ্য হারে কমাতে সাহায্য করবে। অ্যাপল হোম অ্যাপেই পিক ও অফ-পিক সময়ের বিদ্যুৎ হারের সব তথ্য স্পষ্ট দেখতে পাবেন ব্যবহারকারীরা।

ডিভাইসটিতে ইউনিভার্সাল স্মার্ট হোম প্রোটোকল ‘ম্যাটার’ এবং ‘থ্রেড’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে বাড়িতে কোনো কারণে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও ডিভাইসটি নিরবচ্ছিন্নভাবে হোম নেটওয়ার্কের সাথে যুক্ত থাকবে। এছাড়া এতে এনএফসি কানেক্টিভিটি থাকায় নতুন আইফোন কাছে আনলেই এটি চালুর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় এর যাবতীয় তথ্য এনক্রিপ্ট করা থাকবে।

AHA
আরও পড়ুন