স্কি ট্র্যাকে বাতাসের গতিতে উড়ে চলা যার নেশা, এবার তিনি ধরা দিলেন ডানা লাগানো এক স্বর্গীয় পোশাকে। ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে তিনটি পদক জয়ের রেশ কাটতে না কাটতেই প্যারিস ফ্যাশন উইকে নিজের ফ্যাশন সেন্স দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ফ্রিস্টাইল স্কিয়ার আইরিন গু।
প্যারিসের ল্যুভর মিউজিয়ামের দ্বিতীয় বার্ষিক চ্যারিটি অনুষ্ঠান ‘ল্য গ্র্যান্ড ডিনার’-এ আইরিন হাজির হয়েছিলেন ডাচ ডিজাইনার আইরিস ভ্যান হারপেনের তৈরি একটি অসাধারণ গাউনে। পিচ এবং প্লাম রঙের সংমিশ্রণে তৈরি এই গাউনটির বিশেষ আকর্ষণ ছিল এর পিঠে লাগানো স্বচ্ছ এক জোড়া ডানা।

আইরিন গুর এই ডানাওয়ালা পোশাকটি ল্যুভর মিউজিয়ামের বিখ্যাত ভাস্কর্য ‘উইংড ভিক্টরি অব সামোথ্রেস’-এর কথা মনে করিয়ে দিচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই লুক শেয়ার করে আইরিন লিখেছেন, ‘জীবন সম্ভবত শিল্পকেই অনুকরণ করে।’ ডিজাইনার আইরিস ভ্যান হারপেনও এই লুকের প্রশংসা করে বলেন, নারীশক্তি ও সৌন্দর্যের এক অনন্য প্রতিফলন এটি।
শীতকালীন অলিম্পিক শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় প্যারিস ফ্যাশন উইকে আইরিনের এই উপস্থিতি ক্রীড়া ও ফ্যাশন জগতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকেই তুলে ধরে। সম্প্রতি লুই ভিটঁ (Louis Vuitton) এবং প্রাডার (Prada) মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সাথে কাজ করে নিজেকে স্পোর্টস আইকন থেকে ফ্যাশন আইকনে রূপান্তর করেছেন এই অলিম্পিয়ান।

অনুষ্ঠানে আইরিন ছাড়াও উপস্থিত ছিলেন আনিয়া-টেইলর জয় এবং অ্যালেক্সা চুং-এর মতো তারকারা। ফ্যাশন বোদ্ধাদের মতে, আগামী মে মাসে অনুষ্ঠেয় ‘মেট গালা’-র থিম ‘ফ্যাশন ইজ আর্ট’ (Fashion is Art)-এর আগাম ঝলক দেখা গেল আইরিন গুর এই ডানাওয়ালা গাউনেই।
স্বাধীনতা পুরস্কার নিয়ে হানিফ সংকেতের আবেগঘন পোস্টে
