ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার টি–টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নবনিযুক্ত অধিনায়ক তাওহিদ হৃদয়।
চোটের কারণে ম্যাচটি খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। তৃতীয় ওয়ানডেতে পাওয়া চোটের কারণে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত মাঠের বাইরে থাকায় দেশের হয়ে প্রথমবারের মতো নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন হৃদয়। আন্তর্জাতিক ক্রিকেটের কোনো সংস্করণেই এর আগে অধিনায়কত্বের অভিজ্ঞতা ছিল না তাঁর।
ম্যাচটির অন্যতম আকর্ষণ জাতীয় দলের জার্সিতে আব্দুল গাফফারের অভিষেক। নিউজিল্যান্ড সিরিজের দলে থাকলেও তখন একাদশে সুযোগ পাননি এই পেস বোলিং অলরাউন্ডার। টি–টোয়েন্টি ক্যারিয়ারে ২৫ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি, যেখানে তাঁর ইকোনমি রেট ৬.৬৬। ব্যাট হাতে বড় ইনিংস না থাকলেও শেষদিকে দ্রুত রান তোলার সামর্থ্য রয়েছে তাঁর।
এদিকে, একদিন আগে হঠাৎ করেই দলে ডাক পাওয়া সৌম্য সরকারও জায়গা পেয়েছেন একাদশে। লিটনের অনুপস্থিতিতে উইকেটকিপারের দায়িত্ব পালন করবেন পারভেজ হোসেন।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন (উইকেটকিপার), তাওহিদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন, মেহেদী হাসান, আব্দুল গাফফার, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের জন্য টি–টোয়েন্টি সিরিজের চ্যালেঞ্জটা অবশ্য সহজ নয়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক স্মৃতি স্বস্তি দিচ্ছে দলকে। ২০২১ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে ৪–১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে ২–১ ব্যবধানে জয়ের পর সেই আত্মবিশ্বাস নিয়েই এবার সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে নামল টাইগাররা।
রেকর্ডবুকে নতুন গল্প লিখলেন মেসি
আলজেরিয়াকে ৩ গোলে উড়িয়ে আর্জেন্টিনার রাজকীয় জয়