মেসি, তুমি হয়তো পেলের চেয়েও ভালো- ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম

মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবারের মতো ঐতিহাসিক শিরোপা জয়ের গৌরব উদ্‌যাপনে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে রাজকীয় সংবর্ধনা পেয়েছে ইন্টার মায়ামি। 

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত এই বিশেষ অনুষ্ঠানে ক্লাবটির অধিনায়ক ও ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইন্টার মায়ামির গোলাপি জার্সিতে মাঠ মাতানোর পর এবার হোয়াইট হাউসের ইস্ট রুমে হাজির হন লিওনেল মেসি। এটি ছিল তার প্রথম হোয়াইট হাউস সফর। অনুষ্ঠানে মেসির পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আজ সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মান জানাতে এখানে এসেছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এর আগে কখনো বলার সুযোগ হয়নি হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।’

মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে ক্লাবের স্বাক্ষর করা একটি গোলাপি ফুটবল উপহার দেন মেসি। এছাড়া ক্লাবের সহ-মালিক জর্জ মাস ও কোচ হাভিয়ের মাসচেরানো তাকে জার্সি ও একটি ঘড়ি উপহার দেন। ফোনালাপে ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন ট্রাম্প মেসির বিশাল ভক্ত। ট্রাম্পের ভাষায়, ‘ব্যারন আমাকে বলল, বাবা আজ এখানে কে আসছে জানো? সে তোমার বড় ভক্ত এবং মনে করে তুমি একজন অসাধারণ মানুষ।’

বক্তব্যে ফুটবল সম্রাট পেলের সাথে মেসির তুলনা টেনে ট্রাম্প বলেন, ‘আমি পেলেকে খেলতে দেখেছি। জানি না, তুমি হয়তো পেলের চেয়েও ভালো। অবশ্য পেলে নিজেও অসাধারণ ছিলেন।’ এছাড়া মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা করে তিনি বলেন, ক্রিস্টিয়ানো অসাধারণ, তুমিও অসাধারণ। তোমরা দুজনই মহান চ্যাম্পিয়ন।’

২০২৫ সালের ৬ ডিসেম্বর ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জেতে ইন্টার মায়ামি। টানা দ্বিতীয়বার লিগের সেরা খেলোয়াড় (এমভিপি) নির্বাচিত হন মেসি। ট্রাম্প মেসির ওপর থাকা চাপের কথা উল্লেখ করে বলেন, ‘তোমার ওপর অন্যদের তুলনায় অনেক বেশি চাপ থাকে, কারণ সবাই ধরে নেয় তুমিই জিতবে। কিন্তু বাস্তবে খুব কম মানুষই এমন জয় পায়।’

অনুষ্ঠানে লুইস সুয়ারেজ, রদ্রিগো দে পল এবং কোচ মাসচেরানোসহ ক্লাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NB
আরও পড়ুন