মেসিকে টপকে নতুন ইতিহাসের পথে রোনালদো

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম

যেখানে খেলার নামমাত্র উত্তেজনা, সেখানেও চমক দিতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি কাগজে-কলমে যতই একপেশে হোক, রোনালদোর জন্য এটি ছিল এক ঐতিহাসিক সন্ধ্যা। একটি নয়, দুটি গোল করে শুধু জয়ই নয়, ভাঙলেন রেকর্ড, ছুঁলেন কিংবদন্তিত্বর আরেক সিঁড়ি।

ম্যাচের ২১ মিনিটেই গোল করে লিওনেল মেসিকে ছাড়িয়ে যান রোনালদো। এত দিন বিশ্বকাপ বাছাইপর্বে দুজনেরই গোল ছিল সমান-৩৬টি। কিন্তু আজ আর সমতা থাকল না। প্রথমার্ধেই সেই হিসাব পাল্টে দিয়ে ৩৭ নম্বর গোলটি তুলে নেন রোনালদো। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল করে নিজের গোলসংখ্যা নিয়ে যান ৩৮-এ।

তবে পারফরম্যান্সে একা ছিলেন না রোনালদো। ফেলিক্সও গোল করেন দুটি, আর জোয়াও কানসেলো করেন একটি। সব মিলিয়ে ৫-০ ব্যবধানে জয় পায় পর্তুগাল, শুরুটা করে ইউরোপীয় অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে।

রোনালদো ৪৮ ম্যাচে ৩৮ গোল, মেসি ৭২ ম্যাচে ৩৬ গোল। 

সর্বোচ্চ গোলের রেকর্ড (বাছাইপর্বে) -কার্লোস রুইজ (গুয়াতেমালা): ৩৯ গোল (৪৭ ম্যাচ)। রোনালদো ৩৮ গোল (৪৮ ম্যাচ)। দরকার আর মাত্র ২ গোল-রুইজকে ছাড়িয়ে ইতিহাসের শীর্ষে পৌঁছাতে।

একই দিনে অ্যান্ডোরাকে ২-০ গোলে হারিয়ে ইউরোপ বাছাইয়ে নিজেদের চতুর্থ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ 'কে'-এর শীর্ষে তারা। 

ম্যাচের ফলাফল যেমনই হোক, রাতে ছিল ‘সিআরসেভেন’-এর নাম। তার প্রতিটি গোল যেন ইতিহাসের পাতায় একেকটি স্বর্ণাক্ষর।

আরও পড়ুন