মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধাবস্থার প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে অস্থিরতা দেখা দিয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম কিছুটা বেড়েছে। তবে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের উচ্চমূল্যের কারণে এই দাম বৃদ্ধির হার কিছুটা সীমিত ছিল বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৬৫৫.৮৯ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের শুরুতে দাম প্রায় ১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেলেও পরবর্তী সময়ে তা কিছুটা কমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ০.১ শতাংশ হ্রাস পেয়ে ৪,৬৮০.৫০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঘিরে তৈরি হওয়া চরম ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এমন অস্থিতিশীল সময়ে নিরাপদ বিনিয়োগ (Safe Haven) হিসেবে ব্যবসায়ীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন, যা মূলত দাম বৃদ্ধিতে সহায়তা করছে। তবে একই সময়ে ডলারের শক্তিশালী বিনিময় হার এবং তেলের আকাশচুম্বী দাম সোনার বড় ধরণের ঊর্ধ্বগতিকে আটকে দিচ্ছে।
বিনিয়োগকারীরা এখন সতর্কতার সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সামরিক সংঘাতের গতিপ্রকৃতি আগামী কয়েক দিনে স্বর্ণের বাজারের পরবর্তী দিক নির্ধারণে মূল ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। সূত্র: রয়টার্স।
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় পতন, দেশেও কমার ইঙ্গিত
