মধ্যপ্রাচ্যে পেশিশক্তি প্রদর্শনের নীতি থেকে আপাতত পিছু হটতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সামরিক শক্তি প্রয়োগ করে উন্মুক্ত করার উচ্চাভিলাষী পরিকল্পনা ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা একে ট্রাম্পের জন্য এক বড় ধরনের কূটনৈতিক ও সামরিক পশ্চাদপসরণ হিসেবে দেখছেন।
মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনা ভেস্তে যাওয়ার প্রধান কারণ হলো আঞ্চলিক মিত্রদের অসহযোগিতা। বিশেষ করে সৌদি আরব ও কুয়েত তাদের আকাশসীমা এবং সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে।
রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত প্রিন্স সুলতান বিমানঘাঁটি ব্যবহার কিংবা সৌদি আরবের আকাশসীমা দিয়ে মার্কিন যুদ্ধবিমান ওড়ার অনুমতি দেয়নি দেশটি। ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেও এই বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। সৌদি আরবের এক কর্মকর্তা বলেন, ‘সমস্যা হলো, সবকিছু খুব দ্রুত ঘটছে। আমরা মধ্যস্থতায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছি।’
প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের ঠিক এক সপ্তাহ আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গত বুধবার চীন সফরে পৌঁছেছেন। ঠিক একই দিনে যুক্তরাষ্ট্র তাদের সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেয়।
সাংহাই ইন্টারন্যাশনাল স্টাডিজ ইউনিভার্সিটির অধ্যাপক হুংদা ফ্যান বলেন, ‘হুমকি দিয়ে জেতার পুরোনো মার্কিন কৌশল এখানে কাজে আসেনি। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আস্থার সংকট প্রকট হওয়ায় বেইজিং এখন মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে।’
সামরিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতির পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ‘কৌশলগত স্বায়ত্তশাসন’ বা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেওয়ার প্রবণতা আরও বাড়বে। তারা এখন আর অন্ধভাবে ওয়াশিংটনের যেকোনো হঠকারী সিদ্ধান্তে সায় দিতে রাজি নয়। আসন্ন শি-ট্রাম্প শীর্ষ সম্মেলনের আগে উত্তেজনা কমানোর একটি বিশ্বব্যাপী চাহিদা ছিল, যা ট্রাম্পকে পিছু হটতে বাধ্য করেছে।
চীন তার অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে আনতে একটি বড় ধরনের সমাধান বা ‘ব্রেকথ্রু’ বয়ে আনতে পারে। তবে কূটনীতি ব্যর্থ হলে এই সংঘাতের রেশ আরও দীর্ঘ হতে পারে বলে সতর্ক করেছেন অনেকে। সূত্র: মেহের নিউজ এজেন্সি
প্রজেক্ট ফ্রিডম স্থগিতে ট্রাম্পকে ধন্যবাদ জানালেন শেহবাজ
‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা ট্রাম্পের
হরমুজে মার্কিন নয়া অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু