ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানিসহ নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। এর ফলে নিজ দেশের সাধারণ পরিবারগুলোর ওপর নেমে আসা জীবনযাত্রার অতিরিক্ত ব্যয়ের চাপ কমাতে ১৯ বিলিয়ন (১ হাজার ৯০০ কোটি) ডলারের একটি বিশেষ সম্পূরক বাজেট অনুমোদন করেছে জাপানের মন্ত্রিসভা। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
আজ বুধবার সকালে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচির কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই অতিরিক্ত বাজেটের বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে জাপানি সরকারের মুখপাত্র মিনোরু কিহারা বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির যে অনিশ্চয়তা, তা থেকে তৈরি হওয়া অর্থনৈতিক ঝুঁকি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার দূরদর্শী দৃষ্টিভঙ্গি থেকেই আমরা দ্রুত এই বাজেট প্রণয়ন করেছি।
চলমান এই যুদ্ধাবস্থার কারণে জাপানের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পাশাপাশি বিদ্যুৎ ও গ্যাসের খরচও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এ বিষয়ে জাপানি প্রধানমন্ত্রী সানাই তাকাইচি গত মাসেই ইঙ্গিত দিয়েছিলেন যে, দেশের নাগরিকদের স্বস্তি দিতে এবং পেট্রোল, বিদ্যুৎ ও গ্যাসের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির ধাক্কা সামাল দিতেই এই অতিরিক্ত অর্থ ব্যবহার করা হবে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আর সেই অস্থিতিশীল পরিস্থিতির আগাম ধাক্কা থেকে দেশের অর্থনীতি ও জনগণকে সুরক্ষিত রাখতেই জাপানের এই জরুরি পদক্ষেপ।
পরিবার পরিদর্শনে ইসরায়েলি নিষেধাজ্ঞা, ক্ষুব্ধ অধিকারকর্মী লিন্ডা