হরমুজ বন্ধের দাবি আইআরজিসির : যাতায়াতে লাগবে ইরানের অনুমতি

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৪:৩৭ এএম

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বর্তমানে সাধারণ চলাচলের জন্য বন্ধ রয়েছে। এই আন্তর্জাতিক জলপথ দিয়ে যেকোনো ধরনের নৌযান চলাচলের জন্য এখন থেকে আইআরজিসির প্রত্যক্ষ সমন্বয় ও পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) একটি দাবি খণ্ডন করে আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে প্রণালিটি স্বাভাবিক নেই। যুক্তরাষ্ট্র দাবি করেছিল যে তাদের সামরিক পাহারায় শিপিং কোম্পানিগুলো নিরাপদে চলাচল করছে, যা সম্পূর্ণ অসত্য বলে জানিয়েছে ইরান।

আইআরজিসি স্পষ্ট করে দিয়েছে, মার্কিন বাহিনীর এই দাবি বাস্তবতার বিপরীত। প্রকৃতপক্ষে প্রণালিতে সর্বসাধারণের প্রবেশাধিকার স্থগিত রয়েছে এবং প্রতিটি নৌযানকে আইআরজিসির নৌবাহিনীর থেকে অনুমতি নিয়েই অগ্রসর হতে হচ্ছে।

এদিকে, পারস্য উপসাগরীয় জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের কারণেই এই চলাচলে বাধা সৃষ্টি হয়েছে। বর্তমানে প্রণালিটি দিয়ে স্বাভাবিক ও নিরাপদ নৌযান চলাচল আর সম্ভব হচ্ছে না।

কর্তৃপক্ষ আরো জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে জমা হওয়া সব আবেদন পর্যায়ক্রমে যাচাই-বাছাই করা হবে। পরবর্তী সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট শর্তে নৌযানগুলোকে চলাচলের অনুমতি প্রদান করা হবে।

সংবাদ সূত্র: পার্সটুডে ও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা (আইআরজিসি সোশ্যাল মিডিয়া বিবৃতি)

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত