ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশের পানিয়াই শহরের একটি স্থানীয় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতের পর ছড়িয়ে পড়া এই আগুনে ৬ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ মুখপাত্র হেনরি জে মানুরং এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, গভীর রাতে বাজারের একটি শপহাউস বা দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং বাকি ছয়জনই শিশু, যাদের বয়স ছিল মাত্র দুই থেকে নয় বছরের মধ্যে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ট্রাক ও ওয়াটার ক্যানন মোতায়েন করা হলেও ঘনবসতি ও দোকানগুলো একেবারে কাছাকাছি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টারও বেশি সময় লেগে যায়। ততক্ষণে বাজারের অন্তত ৪০টি কিওস্ক, দোকান ও বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে স্থানীয় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ঘনবসতি ও নিম্নমানের অগ্নি-সুরক্ষা ব্যবস্থার কারণে এরকম প্রাণঘাতী অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে। এর আগে গত ডিসেম্বরে সেন্ট্রাল জাকার্তার একটি সাততলা কার্যালয়ে ড্রোন ব্যাটারি বিস্ফোরণের আগুনে ২২ জন প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া ২০২৩ সালে দেশটির পূর্বাঞ্চলে একটি নিকেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন শ্রমিক নিহত হন।
সূত্র: গালফ নিউজ
পশ্চিম তীরে অবৈধ বসতি গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় ৭ বিমানবন্দর বন্ধ