জার্মানি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে ভাঙল তাপমাত্রার রেকর্ড

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ, মৃত্যু ১৩০০

আপডেট : ২৯ জুন ২০২৬, ০১:১৮ পিএম

ইউরোপজুড়ে চলমান নজিরবিহীন তীব্র দাবদাহে এ পর্যন্ত ১,৩০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

গতকাল রোববার মহাদেশটির জার্মানি, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রসহ বেশ কয়েকটি দেশে তাপমাত্রার পূর্ববর্তী সব রেকর্ড ভেঙে গেছে। এই তাপদাহ এখন ক্রমশ পূর্ব ইউরোপের দিকে অগ্রসর হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে জানান, গত ২১ জুন থেকে শুরু হওয়া তীব্র তাপদাহের পর থেকে ইউরোপে ১,৩০০-এরও বেশি অতিরিক্ত মানুষের মৃত্যুর রেকর্ড নথিভুক্ত করা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, "হিট স্ট্রেস বা অতিরিক্ত গরমজনিত শারীরিক মানসিক চাপকে প্রায়শই ‘নীরব ঘাতক’ (Silent killer) বলা হয়ে থাকে। ইউরোপের ঘরবাড়ি, কর্মক্ষেত্র এবং স্কুলগুলো এই চরম তাপমাত্রা সহ্য করার মতো করে তৈরি করা হয়নি।"

তিনি আরও যোগ করেন, "ইউরোপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুত উত্তপ্ত হতে থাকা মহাদেশ, যা বৈশ্বিক গড় হারের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে। মহাদেশটির লাখ লাখ মানুষ চরম গরমের মধ্যে বাস করছে, শত শত মানুষ মারা গেছে, স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ গ্রিডগুলো ভেঙে পড়ছে।"

ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার সকালে জানিয়েছে, গত বুধবার থেকে দেশটিতে প্রত্যাশার চেয়ে প্রায় ১,০০০ জনেরও বেশি মানুষের অতিরিক্ত মৃত্যু হয়েছে। এই অতিরিক্ত মৃত্যুর শিকার হওয়াদের বেশিরভাগেরই বয়স ৬৫ বছর বা তার বেশি।

স্বাস্থ্য সংস্থাটি আরও জানিয়েছে, এই সময়ে সাধারণ মানুষের বাড়িতে মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেশভিত্তিক তাপমাত্রার নতুন রেকর্ডসমূহ

জার্মানি: দেশের পূর্বাঞ্চলে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করার পর রোববার টানা তৃতীয় দিনের মতো জার্মানি তার ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন পার করেছে। পোল্যান্ড সীমান্তের কাছাকাছি পূর্ব ব্র্যান্ডেনবার্গের কোশেন এলাকার একটি স্টেশন স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এই ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে।

চেক প্রজাতন্ত্র: দেশটির আবহাওয়া ইনস্টিটিউট জানিয়েছে, প্রাগের উত্তরে অবস্থিত ডোকসানি এলাকায় ৪১.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা দুই দিনের মধ্যে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। তবে আবহাওয়াবিদরা আশা করছেন রবিবারই এই তাপমাত্রার সর্বোচ্চ চূড়া এবং পরবর্তীতে পশ্চিমাঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পোল্যান্ড: পোল্যান্ডও তাদের সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। দেশটির আবহাওয়া ও পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট বার্তা সংস্থা এএফপি-কে নিশ্চিত করেছে যে, পোল্যান্ডের স্লুবিস শহরে সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সূত্র: বিবিসি

YA
আরও পড়ুন