ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে ১ হাজার মানুষের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২৬, ১০:৪৭ পিএম

ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে শুধু ফ্রান্সেই অতিরিক্ত অন্তত এক হাজার মানুষের প্রাণহানির তথ্য নথিভুক্ত করা হয়েছে। রোববার (২৮ জুন) দেশটির জনস্বাস্থ্য বিষয়ক সংস্থা স্যঁতে পাবলিক প্রকাশিত এক প্রাথমিক পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে সংস্থাটি সতর্ক করে বলেছে, তীব্র গরমের কারণে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা ও অসুস্থতায় আরও অনেক মানুষের মৃত্যু হয়েছে, যাদের তথ্য এখনো এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

অতিরিক্ত মৃত্যুর এই প্রাথমিক হিসাবের বিস্তারিত তুলে ধরে স্যঁতে পাবলিক জানিয়েছে, প্রাণ হারানো ব্যক্তিদের বড় একটি অংশই বয়স্ক। এছাড়া বিভিন্ন কেয়ার হোম ও ব্যক্তিগত বাসাবাড়িতে ঘটে যাওয়া মৃত্যুর পূর্ণাঙ্গ তথ্য এখনো সংগ্রহের কাজ চলছে। সেসব তথ্য যুক্ত হলে মোট মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।

বর্তমানে ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। চরম এই আবহাওয়ার প্রভাবে কোটি কোটি মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিন পার করছেন। অতিরিক্ত গরমে ইতোমধ্যেই কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে অতীতের বহু তাপমাত্রার রেকর্ড ভেঙে গেছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিভিন্ন অবকাঠামোও ক্ষতির মুখে পড়েছে।

বিজ্ঞানীদের মতে, গত ২০ জুন থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহগুলোর একটি। তাদের ভাষ্য, বৈশ্বিক গড়ের তুলনায় ইউরোপের জলবায়ু আরও দ্রুত পরিবর্তিত হচ্ছে, যার প্রভাব এবার স্পষ্টভাবে চোখে পড়ছে।

এদিকে তাপপ্রবাহ ধীরে ধীরে ফ্রান্সের পূর্বাঞ্চলের দিকে সরে গেলেও দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের বেশিরভাগ এলাকায় চরম গরম কিছুটা কমেছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি অঞ্চল এখনো তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কতার আওতায় রয়েছে।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্তেফানি রিস্ট বলেছেন, আবহাওয়া স্বাভাবিক হতে শুরু করলেও এই তাপপ্রবাহের স্বাস্থ্যগত প্রভাব আরও প্রায় ১০ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। দেশটির টেলিভিশন চ্যানেল বিএফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই দুর্যোগ এখনো শেষ হয়ে যায়নি।

স্যঁতে পাবলিক আরও জানিয়েছে, প্রাণ হারানো ব্যক্তিদের অধিকাংশের বয়স ৬৫ বছর বা তার বেশি হলেও তীব্র এই তাপপ্রবাহের স্বাস্থ্যঝুঁকি শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সব বয়সী মানুষের ওপরই এর নেতিবাচক প্রভাব পড়েছে এবং গরমজনিত নানা জটিলতায় অসুস্থতার ঝুঁকিও বেড়েছে। সূত্র: এএফপি

AS
আরও পড়ুন