ভিডিও ধারণ ও গুজব ছড়ানোর অভিযোগে আবুধাবিতে গ্রেপ্তার ৪৫

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্পর্শকাতর স্থানে ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৪ মার্চ) আবুধাবি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তারা বর্তমানে চলমান বিভিন্ন ঘটনার সময় নিষিদ্ধ বা স্পর্শকাতর এলাকায় ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করেছিলেন। পাশাপাশি তারা ওই ভিডিওগুলোর সাথে ভুল এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছিলেন, যা জনমনে আতঙ্ক সৃষ্টি এবং গুজব ছড়াতে সহায়তা করেছে।

আবুধাবি পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানো আমিরাতের কঠোর আইন ও প্রবিধানের স্পষ্ট লঙ্ঘন। এর আগে আইআই (AI) দিয়ে তৈরি ভুয়া ভিডিও এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফুটেজ শেয়ার করার অভিযোগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ সাধারণ জনগণকে যেকোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করার অনুরোধ জানিয়েছে। নির্ভরযোগ্য তথ্যের জন্য শুধুমাত্র অনুমোদিত সরকারি সূত্রের ওপর নির্ভর করতে বলা হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, স্পর্শকাতর স্থানে ছবি বা ভিডিও ধারণ করা নিরাপত্তা বাহিনীর চলমান অপারেশন এবং জননিরাপত্তাকে বিঘ্নিত করে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর তাদের কড়া নজরদারি রয়েছে এবং কেউ স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

DR/SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত