যুদ্ধ শুরুর পর ইরানে ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর: জাতিসংঘ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১১ পিএম

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে ইরান-এ মৃত্যুদণ্ড ও গণগ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয়।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং ৪ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই তথ্যকে মানবাধিকার পরিস্থিতির অবনতি হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে অন্তত ৯ জনকে সাম্প্রতিক বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ১০ জনকে সরকারবিরোধী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা এবং ২ জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

একই সময়ে জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরির অভিযোগে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে গুম, নির্যাতন এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের মতো অভিযোগও উঠেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, যুদ্ধের প্রভাবের মধ্যেও ইরানের অভ্যন্তরে মানবাধিকার লঙ্ঘন আরও তীব্র ও নির্মম আকার ধারণ করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তিনি ইরান সরকারের প্রতি আহ্বান জানান, যেন নতুন করে কোনো মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়, বিদ্যমান মৃত্যুদণ্ড প্রক্রিয়া স্থগিত করা হয় এবং আটক ব্যক্তিদের দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করা হয়। সূত্র: এএফপি।

AS/FJ
আরও পড়ুন