হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে ইরান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানে অনুষ্ঠেয় বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাহরাইন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত দেশটি ইরানকে নিয়ে কোনো যৌথ বৈঠকে অংশ নেবে না।
২০১৬ সালে সৌদি আরবের সঙ্গে একই সময়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল বাহরাইন। পরে ২০২৩ সালে সৌদি আরব ও ইরান সম্পর্ক পুনঃস্থাপন করলেও বাহরাইন এখনো তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করেনি।
বাহরাইন বলেছে, উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন অবকাঠামোয় হামলার প্রেক্ষাপটে ‘তুষ্টির নীতি’ অনুসরণ করে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয়। দেশটি হরমুজ প্রণালি কোনো ধরনের বৈষম্য, ফি বা অনুমতির শর্ত ছাড়াই উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সোমবার ওমানের রাজধানী মাসকাটে হরমুজ প্রণালির ভবিষ্যৎ নিয়ে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে আলোচনা হবে। বিশ্বজুড়ে তেল ও গ্যাস পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা ও চলাচল নিয়েই বৈঠকে আলোচনা হওয়ার কথা।
তবে বাহরাইন বলেছে, বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে সংলাপ হতে পারে না। দেশটির দাবি, চলমান সংঘাতের সময় ইরান বাহরাইনের অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। ফলে এ জলপথের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।
বাহরাইনের বৈঠক বর্জনের সিদ্ধান্ত ইরান ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে আস্থার সংকটের বিষয়টিও সামনে এনেছে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে আঞ্চলিক সমঝোতা কতটা সম্ভব হবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
গভীর সমুদ্রে ১০ হাজার ফুট নিচে বিরল বিগফিন স্কুইডের সন্ধান
তেলের দাম বাড়ার মধ্যেই জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে একমত ব্রিকস
যুক্তরাষ্ট্রের অবরোধে হরমুজে ১০০ জাহাজের পথ পরিবর্তন