জাতীয় স্বার্থের ওপর যেকোনো আগ্রাসনের কঠোর, সিদ্ধান্তমূলক ও উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। তিনি বলেছেন, যেকোনো যুদ্ধক্ষেত্রে এবং যেকোনো সময় দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষায় ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে।
পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত এক বার্তায় শাহরাম ইরানি বলেন, দেশের জাতীয় স্বার্থ ও ইসলামী ইরানের মর্যাদা রক্ষায় যেকোনো যুদ্ধক্ষেত্রে এবং যেকোনো সময় উপস্থিত থাকার প্রস্তুতি রয়েছে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনীর।
পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের সূচনায় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, এই দিনগুলো এমন একটি জাতির দৃঢ়তার প্রতীক, যারা নিপীড়নের সামনে মাথা নত করেনি এবং বিশ্বাস, মাতৃভূমি ও মানবিক মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছে।
শাহরাম ইরানি বলেন, ইসলামী ইরানের জনগণ আধিপত্যবাদী শক্তির আগ্রাসন ও শত্রুতার বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এর মাধ্যমে তারা শুধু বিশ্বের সামনে ইরানের দৃঢ়তা ও প্রতিরোধের বার্তা পৌঁছে দেয়নি, বরং শত্রুদের পরিকল্পনাও পাল্টে দিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আট বছরের পবিত্র প্রতিরক্ষার সময় শহীদদের অনুসরণ করা এবং সেই সময়ের শিক্ষা ইরানের জনগণের সম্মান ও স্বাধীনতার পথকে আলোকিত করে চলেছে। এসব শিক্ষা দেশের ভবিষ্যৎ পথচলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
ইরানের নৌবাহিনী প্রধান বলেন, শক্তিশালী সশস্ত্র বাহিনী দেশের স্থল, সমুদ্র ও আকাশসীমার পাশাপাশি আদর্শিক সীমান্তের সার্বিক প্রতিরক্ষায় নিজেদের প্রস্তুতি আরও জোরদার করবে।
তিনি বলেন, দেশের নিরাপত্তা, জাতীয় স্বার্থ ও মর্যাদা রক্ষায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে প্রস্তুত রয়েছে এবং যেকোনো পরিস্থিতিতে দায়িত্ব পালনে তারা পিছপা হবে না। সূত্র: মেহর নিউজ এজেন্সি
'মার্কিন সাবমেরিন ড্রোনের উন্নত বিকল্প তৈরি করবে ইরান'
ইরানের বিরুদ্ধে যুদ্ধ যুক্তরাষ্ট্র -ইসরায়েলের ‘কাপুরুষোচিত আগ্রাসন’: আরাগচি
ইরানের নতুন অস্ত্র সম্পর্কে যা জানা গেলো