পারস্য উপসাগরে কেশম দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ নিয়ে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৮টি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করল ইরান।
মঙ্গলবার আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স পরিচালিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়।
বিবৃতিতে বলা হয়, ড্রোনটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ছিল। ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার নিখুঁত ও কার্যকর আঘাতে এটি ভূপাতিত হয়েছে।
আইআরজিসি আরও দাবি করেছে, ইলেকট্রনিক যুদ্ধকৌশল প্রয়োগ করে শত্রুপক্ষের কয়েক ডজন ড্রোন অক্ষত অবস্থায় জব্দ করা হয়েছে।
বারবার ড্রোন হারানোর ঘটনায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডারকে ব্যঙ্গ করে ‘ক্ষয়ক্ষতির পদক’ দেওয়ার কথাও উল্লেখ করেছে আইআরজিসি। বিবৃতিতে বলা হয়, সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনের পরিবর্তে এখন যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল সামরিক সরঞ্জাম হারানোর হিসাব দিতে হচ্ছে। প্রতিটি ঘটনা তাদের অভিযানের ব্যর্থতার তালিকা দীর্ঘ করছে।
হরমুজ প্রণালিতে আরও একটি মার্কিন ড্রোন ধ্বংসের দাবি
এদিকে মঙ্গলবার হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের তৈরি একটি লুকাস (LUCAS) ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী।
সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার আওতায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।
লুকাসের পূর্ণ নাম ‘লো-কস্ট আনম্যানড কমব্যাট অ্যাটাক সিস্টেম’। এটি একমুখী আক্রমণ পরিচালনার জন্য তৈরি ড্রোন। এর নকশা ইরানের তৈরি হেসা শাহেদ-১৩৬ ড্রোনের আদলে তৈরি বলে জানা গেছে। প্রতিটি ড্রোনের আনুমানিক দাম ৩৫ হাজার ডলার বলে দাবি করা হয়।
এমকিউ-১ প্রিডেটর ড্রোন কী?
এমকিউ-১ প্রিডেটর যুক্তরাষ্ট্রের জেনারেল অ্যাটমিকসের তৈরি মাঝারি উচ্চতায় উড্ডয়নক্ষম ও দীর্ঘসময় আকাশে অবস্থান করতে সক্ষম একটি চালকবিহীন বিমান। এটি মূলত গোয়েন্দা নজরদারি ও সামরিক অভিযানে ব্যবহৃত হয়।
পশ্চিম এশিয়াসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও নজরদারি অভিযানে ড্রোনটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে।
ইরানের আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের দাবি, সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেশটির বাহিনীর হাতে আটক যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জাম রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং নতুনভাবে নকশা তৈরির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে কয়েক ডজন মার্কিন সামরিক উড়োজাহাজ ভূপাতিত বা আটকের দাবি করে আসছে ইরান। এর মধ্যে চালকবিহীন ড্রোনের পাশাপাশি চালকযুক্ত যুদ্ধবিমানও রয়েছে।
বার্ড ফ্লুর কারণে ভারতে হাজারো পাখি নিধনের সিদ্ধান্ত
কার্বন নিঃসরণ ও রপ্তানিজনিত দূষণে শীর্ষে যেসব দেশ
জিটিএ-৬ ঘিরে ‘পিএস ফাইভে’এর চাহিদা তুঙ্গে