কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক বাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। উড্ডয়নের কিছুক্ষণ পরেই ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩৪ জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে নিহতের সংখ্যা ৮০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৩ মার্চ) কলম্বিয়ার পুতোমায়ো বিভাগের পুয়ের্তো লেগুইজামো শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিমানটিতে মোট ১২৫ জন যাত্রী ছিলেন। পুয়ের্তো লেগুইজামো শহরের মেয়র লুইস এমিলিও বুস্টোস জানান, ‘এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’
পুতোমায়োর গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা জানিয়েছেন, উদ্ধারকৃত ৩৪ জনের মধ্যে ২১ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে সামরিক বাহিনীর সূত্র জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি থেকে এখন পর্যন্ত ৪৮ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
বিধ্বস্ত উড়োজাহাজটি মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি বিখ্যাত ‘হারকিউলিস সি-১৩০’ মডেলের। কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, বিমানবন্দর থেকে উড্ডয়নের পর মাত্র দেড় কিলোমিটার উচ্চতায় থাকা অবস্থায় বিমানটি হঠাৎ ভূমিতে আছড়ে পড়ে।
প্রতিরক্ষামন্ত্রী আরও নিশ্চিত করেছেন যে, বিমানটি কোনো হামলার শিকার হয়নি এবং চালকরা যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানতে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। সূত্র: এএফপি
চীন সফর বাতিল করলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী
